মোঃ বিল্লাল হোসেন | শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া কালিবাড়ি এলাকায় জনবসতিপূর্ণ স্থানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে মালিকানা পরিবর্তনের মাধ্যমে ভাটাটি পরিচালিত হয়ে আসছে বলে দাবি স্থানীয়দের। এতে দিন দিন বাড়ছে পরিবেশদূষণ। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালিতে বিপর্যস্ত হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ইট উৎপাদনের লক্ষ্যে ভাটাটিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মো. ফারুক আহমেদের মালিকানাধীন ‘এবি জিগজ্যাগ’ নামের ইটভাটায় ইট তৈরির জন্য আশপাশের ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে ইট পোড়ানোর ধোঁয়া ও ছাই পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার কার্যক্রম চলতে থাকায় আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও পরিবেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ইটভাটার কালো ধোঁয়া ও বাতাসে ছড়িয়ে পড়া ধুলাবালির কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে ইটভাটা পরিচালনা করলে বায়ুদূষণের মাত্রা বাড়তে পারে। ইটভাটার ধোঁয়া ও সূক্ষ্ম ধুলিকণা মানুষের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর। এ ছাড়া কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ইট তৈরিতে ব্যবহার করা হলে দীর্ঘমেয়াদে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে ইটভাটার মালিক মো. ফারুক আহমেদের সঙ্গে কথা হলে তিনি জানান, ইটভাটা পরিচালনার অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে।
অন্যদিকে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম বলেন, ‘অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে। যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।’
এলাকাবাসীর দাবি, ইটভাটাটির বৈধতা যাচাইয়ের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিরূপণ করতে হবে। জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগ, কৃষিজমির মাটি সংগ্রহ এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
ব/নি-ব/ত