বর্তমান নিউজ ডেস্ক
বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসেকে দলে ভেড়াতে আগ্রহী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এই সম্ভাব্য দলবদবে ওলিসেকে রিয়ালে যোগ দিতে উৎসাহিত করছেন ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি সতীর্থ ইব্রাহিমা কোনাতেও তাঁকে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
জার্মান সংবাদমাধ্যম এফসিবি ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওলিসেকে নিজেদের দলে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ধরে রাখতে নতুন চুক্তির পাশাপাশি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও বড় শিরোপা জয়ের সম্ভাবনা তুলে ধরতে চায় বায়ার্ন।
ওলিসের সঙ্গে বায়ার্ন মিউনিখের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। ফলে এখনই তাঁকে হারানোর আশঙ্কা নেই জার্মান ক্লাবটির। তবে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই নতুন চুক্তির বিষয়ে ভাবছে বায়ার্ন।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য অনুযায়ী, ফ্রান্স জাতীয় দলে ওলিসের সতীর্থ কিলিয়ান এমবাপে ও ইব্রাহিমা কোনাতে তাঁকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উৎসাহিত করছেন। জাতীয় দলের ক্যাম্পেও এ বিষয়ে তাঁদের আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে, বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেন ওলিসের ভবিষ্যৎ নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তবে শুধু বেতন বৃদ্ধি কিংবা চুক্তির মেয়াদ বাড়িয়ে তাঁকে ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এ ক্ষেত্রে ক্লাবের দীর্ঘমেয়াদি ক্রীড়া-পরিকল্পনা এবং শিরোপা জয়ের লক্ষ্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ওলিসে। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের সঙ্গে তাঁর দারুণ বোঝাপড়া দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি জামাল মুসিয়ালা ও তরুণ লেনার্ট কার্লের সঙ্গে সমন্বয় গড়ে তোলার সুযোগও রয়েছে তাঁর সামনে।
বায়ার্নের হয়ে বড় শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত স্বীকৃতি অর্জনের সম্ভাবনাও রয়েছে ওলিসের। সতীর্থ হ্যারি কেইনের মতে, তাঁর ব্যালন ডি'অর জয়ের সামর্থ্য রয়েছে। সব মিলিয়ে বড় অঙ্কের বেতনের প্রস্তাব, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিরোপা জয়ের সম্ভাবনা—সবকিছু বিবেচনায় নিয়েই ওলিসেকে ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে বায়ার্নকে।
ব/নি-ব/ত