বর্তমান নিউজ ডেস্ক
একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তাদের রুখে দেবেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা একত্রিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে তারা ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রয়োজন হবে না; দলের নেতাকর্মীরাই এসব অপচেষ্টা প্রতিহত করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
ব/নি-ব/জ