বর্তমান নিউজ ডেস্ক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুরে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় ও এতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ‘আনন্দ মহল অনাথ আশ্রম’ নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অর্থায়নে প্রতিষ্ঠিত আশ্রমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বৃহস্পতিবার সকাল ১১টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রমটির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকার। সঞ্চালনা করেন সংস্থার দিনাজপুর জেলা শাখার সভাপতি লিমন হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) তয়ন কুমার মণ্ডল এবং উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।
এ সময় সংস্থার আটটি জেলার প্রতিনিধিসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব/নি-ব/জ