বর্তমান নিউজ ডেস্ক
ডিসেম্বর মাসে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, অতীতে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা নিজেদের পাপের বোঝার কারণেই এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াতে ইসলামী। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রমে দলটি সক্রিয় ভূমিকা রাখবে বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এখনই সরকারকে ফ্যাসিস্ট বলতে চায় না। তবে অতীতে ফ্যাসিস্টদের রেখে যাওয়া ‘ভাইরাস’ বর্তমান সরকারের মধ্যেও রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াতের আমির।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্রের বরাতে সংবাদ প্রচার করা হচ্ছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে এবং তাকে নিরাপত্তা দিতে হবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। এ ধরনের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতের যুব অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ব/নি-ব/জ