বর্তমান নিউজ ডেস্ক
কক্সবাজার সমুদ্রসৈকত ও আশপাশের পর্যটন এলাকায় গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৮ নভেম্বরের পর সৈকতে কোনো গরু, মহিষ, ছাগল বা ভেড়া বিচরণ করতে দেখা গেলে তা আটক করে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পশুর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এ লক্ষ্যে সৈকত ও আশপাশের এলাকায় সচেতনতামূলক প্রচার-প্রচারণা এবং মাইকিং জোরদারের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৪ নভেম্বরের মধ্যে পুরো সৈকত এলাকায় এ কার্যক্রম শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসনের পর্যটন সেলের এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৈকতের বিভিন্ন পয়েন্টে গবাদিপশুর অবাধ বিচরণ বেড়েছে। নাজিরারটেক থেকে ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তৃত সৈকতে গরু, মহিষ, ছাগল ও ভেড়া ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
পশুর মালিকদের অসচেতনতার কারণে সৈকতের বালিয়াড়িতে এসব প্রাণী মলমূত্র ত্যাগ করছে। এতে সৈকতের পরিবেশ ও পর্যটন এলাকার পরিচ্ছন্নতা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত বিধিবিধান ও প্রচলিত আইনের লঙ্ঘন ঘটছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম ঢাকা পোস্টকে বলেন, সৈকত ও আশপাশের পর্যটন এলাকার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে মাইকিং ও প্রচার-প্রচারণার মাধ্যমে পশুর মালিকদের সতর্ক করা হবে। এ জন্য ১৪ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ১৮ নভেম্বরের পর সৈকত বা সংলগ্ন এলাকায় কোনো গবাদিপশু পাওয়া গেলে তা আটক করা হবে। সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক পশু তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রি করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকতজুড়ে গবাদিপশুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রচার-প্রচারণা কতটা কার্যকর হয়, তার ওপরই নির্ভর করবে উদ্যোগটির বাস্তবায়ন।