বর্তমান নিউজ ডেস্ক
গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে এখনো কিছুটা ধীরগতি রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
এ সময় শ্রমিকরা মহাসড়কের অন্য স্থানে গিয়ে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্বিতীয় দফায় ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর বেলা ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা সড়কে অবস্থান করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া জরুন এলাকায়ও শ্রমিকদের অবস্থান নেওয়ার চেষ্টা ছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে এ ঘটনায় ৮ থেকে ৯টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
ব/নি-ব/জ