বর্তমান নিউজ ডেস্ক
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন প্রথা বিলুপ্ত করার পক্ষে নিজের ব্যক্তিগত মতামত জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, সংরক্ষিত আসন ব্যবস্থা বহাল থাকলে নারীরা প্রকৃত অর্থে স্বাবলম্বী হওয়ার সুযোগ থেকে পিছিয়ে থাকবেন। এর পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান চালুর পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। সভায় ককাসের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
সংরক্ষিত নারী আসনের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদে নারীরা পিছিয়ে থাকায় তাঁদের জন্য ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল। তখন মূল পরিকল্পনা ছিল, সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এ ব্যবস্থা বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে প্রতিটি সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে তা বেড়ে ৫০টিতে দাঁড়িয়েছে।
নিজের ব্যক্তিগত অভিমত তুলে ধরে স্পিকার বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সংরক্ষিত আসন বা মনোনয়ন প্রথা তুলে দেওয়ার সময় এসেছে। এভাবে আসন সংরক্ষিত রাখা হলে নারীরা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। অথচ দেশের বিভিন্ন এলাকায় অনেক যোগ্য ও দক্ষ নারী নেত্রী রয়েছেন, যাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদের পরাজিত করে সংসদে আসার সক্ষমতা রাখেন।
বর্তমান সংসদের নারী সদস্যদের যোগ্যতার প্রশংসা করে তিনি অতীতের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। স্পিকার বলেন, আগের একটি সংসদে এমন একজন সংরক্ষিত নারী সদস্যকে দেখেছিলেন, যিনি লিখিত বক্তব্য দেখে ঠিকমতো পড়তে পারছিলেন না। তবে বর্তমান সংসদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবারের সংসদে নারী সদস্যরা অত্যন্ত স্মার্ট ও যোগ্য।
তিনি জানান, বর্তমান সংসদে ছয়জন নারী ব্যারিস্টারসহ সাত-আটজন নারী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তাঁদের বক্তব্য অত্যন্ত চমৎকার ও যুক্তিপূর্ণ। সংসদে তাঁদের বক্তব্য শুনে তিনি নিজেও মুগ্ধ হন। এটি দেশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের অগ্রগতির প্রমাণ বলে মনে করেন তিনি।
স্পিকার আরও বলেন, গত কয়েক দশক ধরে দেশের শীর্ষ নেতৃত্বে নারীরা দায়িত্ব পালন করেছেন। তাই নারীদের সুযোগ দেওয়া হলে তাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।
বিকল্প প্রস্তাব হিসেবে তিনি বলেন, সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দিয়ে প্রয়োজনে এমন আইন করা যেতে পারে, যাতে প্রতিটি রাজনৈতিক দলকে মোট আসনের অন্তত এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দিতে বাধ্য করা হয়। এতে যোগ্য নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে সংসদে আসার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে দেশের সার্বিক রাজনীতি, দুর্নীতি, নির্বাচনব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়েও কথা বলেন স্পিকার। তিনি জানান, সর্বদলীয় সংসদীয় ককাস দেশের সাড়ে তিন কোটি দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনে এবং সংসদের ভেতরে ও বাইরে ইতিবাচক সংস্কার আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ব/নি-ব/জ