বর্তমান নিউজ ডেস্ক
মুসলিম বিশ্বের পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় ফের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বুধবার মক্কায় আছড়ে পড়ে বলে জানা গেছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবের বহিঃপ্রকাশ।
ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতের সঙ্গে জড়িয়ে রয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের বিরোধ। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে ২০১৫ সালে দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত অনেকটা স্তিমিত হয়ে আসে। তবে চলতি বছরের শুরুর দিকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইয়েমেনে বিমান হামলা শুরু করে রিয়াদ।
এদিকে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি নিয়ে উদ্বেগ বাড়ছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
বিশ্লেষকদের মতে, এ অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক নৌচলাচল ও আঞ্চলিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ব/নি-ব/জ