বর্তমান নিউজ ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো দেখতে এক বাদাম বিক্রেতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হওয়া ওই দোকানিকে নিয়ে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এমনকি ইসরায়েলি সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে।
জানা গেছে, ৯ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে প্রথম আলোচনায় আসেন ওই ব্যক্তি। ভিডিও ধারণ করা এক ব্যক্তি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দর্শকদের কাছে জানতে চান, লোকটিকে কার মতো দেখতে। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা চুলের এক ব্যক্তি বাদাম মাপার দাঁড়িপাল্লার পেছনে বসে আছেন। তাঁর চেহারার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মিল থাকায় নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মজার মন্তব্যও করছেন অনেকে। এক ইরানি ব্যবহারকারী রসিকতা করে বলেন, নেতানিয়াহু এখন ইরান নিয়ে ভাবা বন্ধ করে সেখানে বাদামের ব্যবসা শুরু করেছেন। আরেকজন মন্তব্য করেন, সরকার চাইলে ওই ব্যক্তিকে ধরে নেতানিয়াহু হিসেবে উপস্থাপন করে গ্রেপ্তারের নাটক তৈরি করতে পারে।
এদিকে অনেকেই ওই দোকানের ঠিকানা খুঁজে সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ভাইরাল হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হায়োম’ জানিয়েছে, বিভিন্ন জায়গায় ওই ব্যক্তির একটি নাম পাওয়া গেলেও সেটি তাঁর প্রকৃত নাম কি না, তা নিশ্চিত নয়। এমনকি ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সূত্র: খামা প্রেস
ব/নি-ব/ত