বর্তমান নিউজ ডেস্ক
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মৌচাক আমবাগান এলাকায় জড়ো হন। পরে তারা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকাগামী ও টাঙ্গাইলগামী শত শত যাত্রী আটকা পড়েন। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
এদিকে শ্রমিক আন্দোলনের প্রভাবে কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫ থেকে ২০টি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান করছেন। এছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নিটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও তারা আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, দ্রুত তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা কার্যকর করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সব মিলিয়ে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে গাজীপুরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে যাত্রী ও পরিবহন খাতে ভোগান্তি আরও বাড়তে পারে।
ব/নি-ব/জ