বর্তমান নিউজ ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট এলাকায় সন্ত্রাসীদের হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) সহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি দল অবৈধ মাইনিং কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছিল। পথে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ১০ পুলিশ সদস্য নিহত হন এবং পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের মধ্যে ডিএসপি হাইদার জামান এবং সাব-ইন্সপেক্টর (এসআই) মুখতিয়ার রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীরা দীর্ঘ সময় ধরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ সদস্যরাও পাল্টা জবাব দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়। গোলাগুলির পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর আরও সদস্য ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
এদিকে, হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় স্থানীয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসা এবং সম্ভাব্য অতিরিক্ত হতাহতের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব।
উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া একটি পাহাড়ি অঞ্চল। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র ও সন্ত্রাসী সংগঠনের তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠী অবৈধ মাইনিংসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ব/নি-ব/জ