বর্তমান নিউজ ডেস্ক:
নিহত মাঝি আলকাস মল্লিক বনদস্যু ছিলেন এবং তার কথিত ক্রসফায়ারের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন তার আইনজীবী সাহিদুর রহমান। তবে আইনজীবীর এসব দাবি অসত্য বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর একক বেঞ্চে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার সময় এসব বক্তব্য উঠে আসে। বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর আদালতে এ জেরা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় নবম দিনের মতো তদন্ত কর্মকর্তার জেরা চলছে। এ মামলায় ১৫তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
জেরার একপর্যায়ে র্যাবের বিভিন্ন অভিযান সম্পর্কে জানতে চান জিয়াউল আহসানের আইনজীবী সাহিদুর রহমান। জবাবে তদন্ত কর্মকর্তা জানান, বিভিন্ন অভিযানের আগে র্যাব-৮-এর কিছু সদস্য সাদা পোশাকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারে গিয়ে সন্ধ্যার মধ্যে দোকান বন্ধ করার নির্দেশ দিতেন বলে তদন্তে তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া অভিযানে ব্যবহৃত ট্রলারগুলোও শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ, বর্তমানে সেসব ট্রলারের অস্তিত্ব নেই।
মামলার ভুক্তভোগী আলকাস মল্লিককে নিয়ে প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, র্যাবের একজন সদস্য ফোন করে আলকাস মল্লিককে ডেকে নিয়েছিলেন। তবে ওই সদস্যের নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। আলকাসের ব্যবহৃত ফোন নম্বর না পাওয়ায় তাকে ডেকে নেওয়া ব্যক্তিকে শনাক্ত করতে টেলিফোন অফিসের সহায়তাও নেওয়া হয়নি। অন্য কোনো গোয়েন্দা সংস্থার সহায়তাও নেওয়া হয়নি বলে জানান তিনি।
এ ছাড়া আলকাস মল্লিককে ডেকে নেওয়ার সময় ও তারিখে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা ডিউটি অফিসার কে দায়িত্বে ছিলেন, তা জানাতে পারেননি তদন্ত কর্মকর্তা। ওই সময় থানার সাধারণ ডায়েরি (জিডি) কে তদন্ত করেছিলেন, সে বিষয়েও তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল না।
তদন্ত কর্মকর্তা আরও জানান, আলকাস মল্লিকের দুটি ট্রলার কী নামে সাগরে চলাচল করত, তা তদন্তে জানা যায়নি। এমনকি তদন্তের সময় পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরেও যাওয়া হয়নি।
এ সময় জিয়াউল আহসানের আইনজীবী সাহিদুর রহমান দাবি করেন, আলকাস মল্লিককে তার বাড়ি থেকে ডেকে নেওয়া হয়নি। তিনি রাজু বাহিনীর সদস্য হিসেবে বনদস্যু ছিলেন। তার কথিত ক্রসফায়ারের ঘটনার সঙ্গেও জিয়াউল আহসানের কোনো সম্পৃক্ততা নেই।
তবে আইনজীবীর এসব বক্তব্যের বিরোধিতা করেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি জানান, র্যাব-৮-এর কোন কোন সদস্য ট্রলার ঠিক করে পাথরঘাটার চরদুয়ানি ঘাটে যেতেন, তা তদন্তে শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, মামলার ১৩ নম্বর সাক্ষীর বর্ণনা অনুযায়ী, অভিযানের সময় র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের যে চার সদস্য অংশ নিয়েছিলেন, তদন্তকালে তাদেরও পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া সাক্ষীর বর্ণনায় উঠে আসা অন্যান্য অভিযানে র্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের কোন কোন সদস্য অংশ নিয়েছিলেন, সেটিও নিশ্চিত করা সম্ভব হয়নি।
মামলার শুনানিতে আলকাস মল্লিকের পরিচয়, নিখোঁজ হওয়ার ঘটনা এবং কথিত ক্রসফায়ারে সংশ্লিষ্টতার বিষয়গুলো নিয়ে আইনজীবী ও তদন্ত কর্মকর্তার মধ্যে এসব বক্তব্য উঠে আসে।
ব/নি-ব/জ