বর্তমান নিউজ ডেস্ক
চিকিৎসাসেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে রাজনৈতিক বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তাঁর মতে, সরকার পরিবর্তন হলেও স্বাস্থ্যসেবার উন্নয়ন যেন থেমে না যায়।
রোববার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, কোনো সরকারের নেওয়া ভালো উদ্যোগ পরবর্তী সরকার এসে বন্ধ করে দেবে—এমন মানসিকতা পরিহার করা উচিত। চিকিৎসাসেবার উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।
শিশুদের জীবন রক্ষায় অক্সিজেন কনসেনট্রেটরের মতো চিকিৎসা সরঞ্জামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি রোগ নির্ণয় এবং চিকিৎসার মান বাড়ায়। সরকারি উদ্যোগের পাশাপাশি চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ কাজে এগিয়ে আসতে হবে। পিজিটিডিএর উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এমন উদ্যোগ হাসপাতালের অন্য বিভাগেও সম্প্রসারণ করা প্রয়োজন।
নিজের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, প্রায় ২৫-২৬ বছর আগে ব্যাঙ্গালোর থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে চট্টগ্রামে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও রোগ নির্ণয়ের সরঞ্জাম সংযোজনে কাজ করেছেন। ইলেকট্রোমায়োগ্রাম (ইএমজি), নার্ভ কন্ডাকশন ভেলোসিটি ও বিভিন্ন নিউরোফিজিওলজিক্যাল পরীক্ষার প্রযুক্তি চট্টগ্রামে পরিচিত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি।
চমেক হাসপাতালের ডায়ালাইসিসসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা চালু রাখার বিষয়ে তিনি বলেন, এসব সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা এবং হাসপাতালের নিজস্ব অর্থায়নের সমন্বয়ে সেবাগুলো দীর্ঘমেয়াদে চালু রাখার চেষ্টা চলছে।
হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। হাসপাতালের ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে দোকান বসানো কাম্য নয়। এ ক্ষেত্রে নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিজিটিডিএ চমেকহার সভাপতি ডা. তানভীর হাবীব তান্না। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন চমেক শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিঞাসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তব্যের শেষে চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সামগ্রিক সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডা. শাহাদাত।
ব/নি-ব/জ