বর্তমান নিউজ ডেস্ক
জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। ঘটনার পর ছয় দিন ধরে নারী ও শিশুসহ একটি পরিবার খোলা আকাশের নিচে আছে বলে জানিয়েছে। বাড়িতে ফিরলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পরিবারের।
সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকার চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার বসতঘর ভাঙচুরের অভিযোগে রেজাউল করিম মানিক, নুর করিম, সুজনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেন খোরশিদা আক্তার।
অভিযোগে খোরশিদা বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাবার বাড়িতে থাকেন। পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী রেজাউল করিম মানিকের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ। বিষয়টি নিয়ে তাঁর ভাই মো. ইউসুফের করা একটি মামলা আদালতে বিচারাধীন। মঙ্গলবার পুরোনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু হলে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি তাঁদের বাড়িতে হামলা চালান। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এতে তাঁর মা হাসিনা আক্তার ও ভাবি রুনা আক্তার আহত হন। পরে তাঁদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
খোরশিদার আরও অভিযোগ, হামলাকারীরা তাঁদের দুটি গরু নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। ঘরের জিনিসপত্র ও দুটি মুঠোফোন ভাঙচুর করা হয়েছে। তাঁর ও ভাবির জমানো ৭০ হাজার টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা শ্লীলতাহানি ও শরীরের স্পর্শকাতর স্থানে আঘাতের অভিযোগও করেছেন।
খোরশিদার ভাই ইউসুফের দাবি, রেজাউল করিম জাল দলিল তৈরি করে কয়েক বছর আগে জমিটি দখল করেন। পরে ১০ লাখ টাকার বিনিময়ে জমি বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি।
অভিযোগের বিষয়ে রেজাউল করিম মানিক বলেন, জমিটি তিনি অনেক আগে কিনেছেন এবং ভোগদখলে রেখেছেন। তাঁর দাবি, কয়েক দিন আগে অন্য পক্ষ সেখানে ঘর নির্মাণ করেছিল। ঘর ভাঙার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সেখানে ভাঙচুর করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল্লাহ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। কয়েকজনকে প্রাথমিকভাবে আটক করা হলেও ওসির ফোন পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। পুলিশ উভয় পক্ষকে আলাদা করে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দিয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব/নি-ব/জ