বর্তমান নিউজ ডেস্ক
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকোটকে দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় তাঁকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেওয়ার কথা। আইজেনকোট ব্যর্থ হলে নতুন করে রাজনৈতিক পরামর্শ শুরু হতে পারে; সে ক্ষেত্রে বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য কোনো আইনপ্রণেতাও সুযোগ পেতে পারেন। তবে দায়িত্বটি স্বয়ংক্রিয়ভাবে নেতানিয়াহুর কাছে যাবে না।
প্রেসিডেন্টের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে হারজগ তাঁকে আরও সর্বোচ্চ ১৪ দিন সময় দিতে পারবেন। এ সময়ের মধ্যেও সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৪৬ জন। বাকি সাত সদস্যের দল কোনো প্রার্থীকে সুপারিশ করেনি। তবে সমর্থনের এই হিসাবই সরকার গঠন নিশ্চিত করছে না; জোটের দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোট আরব দল এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। তবে তাঁর সম্ভাব্য জোটের কয়েকটি দল আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে আপত্তি জানিয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা তাঁর জন্য কঠিন হতে পারে।
আইজেনকোট একাধিকবার বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি জোট করবেন না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুসহ তৎকালীন নেতৃত্বের জবাবদিহি থাকা উচিত বলে মনে করেন তিনি।
আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহু আবার দায়িত্ব পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।
ব/নি-ব/জ