বর্তমান নিউজ ডেস্ক
ইউএনও ব্যাংকের সংকটের জেরে অভিশংসিত হওয়ার পর প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে গৃহবন্দি করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সিনেটে তাকে অপসারণের পক্ষে ভোট হওয়ার কয়েক মিনিটের মধ্যেই এ আদেশ দেওয়া হয়। ব্যাংকটির সংকটে প্রায় ৩০ লাখ গ্রাহক তাঁদের সঞ্চয়ের নাগাল হারিয়েছেন।
সিনেটে উপস্থিত ৪৪ সদস্যই পেনাকে অপসারণের পক্ষে ভোট দেন। এর পরপরই ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
পেনার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো এবং সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগে তদন্ত চলছে। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর সিলভিয়া মার্গারিতা গঞ্জালেজ ভেস্টার। পেনা অভিযোগ অস্বীকার করেছেন।
ব্যাংকটির মালিকানা প্রতিষ্ঠানে পেনার শেয়ার ছিল। গত বছর তিনি সেই শেয়ার বিক্রি করেন। আইনপ্রণেতাদের অভিযোগ, তাঁর সময়ে রাষ্ট্রীয় অর্থ ব্যাংকটিতে জমা রাখা হয়েছিল এবং নিয়ন্ত্রক সংস্থার নজরদারি দুর্বল ছিল।
বৃহস্পতিবার পেনা পদত্যাগের প্রস্তাব দিলেও সিনেট অভিশংসন প্রক্রিয়া চালিয়ে যায়। এর ফলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি যে দায়মুক্তি পেতে পারতেন, তা হারান।
কেন্দ্রীয় ব্যাংক ইউএনও ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর গ্রাহকেরা তাঁদের অর্থ তুলতে ও ব্যাংক কার্ড ব্যবহার করতে পারছেন না। এ ঘটনায় বুধবার ও বৃহস্পতিবার রাজধানী আসুনসিওনে বিক্ষোভ করেন গ্রাহকেরা। তাঁরা জমা অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।
নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
ব/নি-ব/জ