বর্তমান নিউজ ডেস্ক
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন শনিবার (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। সকালে দূতালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের আর্থসামাজিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ধারণের অঙ্গীকার করেন।
হাইকমিশনার ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির গুরুত্ব তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় এবং জাতি ঐক্যবদ্ধ হয় বলে তিনি উল্লেখ করেন।
বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ব/নি-ব/জ