নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
শ্রমিকদের আবাসন, রেশনিং ও চিকিৎসাসেবায় মালিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। তাঁর প্রশ্ন, সংগঠনগুলোর ব্যাংকে শত শত কোটি টাকা এফডিআর থাকলেও শ্রমিকদের কল্যাণে সেই অর্থের অংশ ব্যয় করা হচ্ছে না কেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি। এ সময় বিকেএমইএ ও বিজিএমইএর ভূমিকার সমালোচনা করেন মাসুদ।
তিনি বলেন, শ্রমিকদের জন্য ডরমিটরি তৈরি, রেশনিং চালু এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে মালিক সংগঠনগুলো উদ্যোগ নিতে পারে। শুধু সরকারের কাছে দাবি জানালেই দায়িত্ব শেষ হয় না; নিজেদের তহবিল থেকেও শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন।
মাসুদ বলেন, “আপনারা শত শত কোটি টাকা এফডিআর করে রাখবেন ব্যাংকে, আর সংকটে অবদান রাখতে পারবেন না—এটা হতে পারে না।”
মজুরি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের বেতন কত হবে, তা মজুরি কমিশন ও সরকার নির্ধারণ করবে। ব্যবসায়ীরা এ ক্ষেত্রে সরকারের পাশে থাকবেন। তবে শ্রমিকদের কল্যাণে মালিক ও ব্যবসায়ী সংগঠনগুলোকেও অবদান রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
ব/নি-ব/ত