বর্তমান নিউজ ডেস্ক
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় জেরিকা তাসনীম দিশাকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে বুধবার তাঁকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ২৪, দ্য ডেইলি স্টার
বুধবার (৪ নভেম্বর) বিকেলে দিশাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন নতুন করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে দিশার জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রথম দফার জিজ্ঞাসাবাদে দিশা ঘটনার রাতে তাহসিফের সঙ্গে উত্তরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় যাওয়ার কথা বলেছেন। তবে তদন্তের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষের ভাষ্য, মামলার আরেক সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে দিশার তথ্যের অমিল পাওয়া গেছে। দুইজনের বক্তব্য যাচাই ও মামলার তদন্ত এগিয়ে নিতে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়।
ব/নি-ব/জ