বর্তমান নিউজ ডেস্ক
‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার পুলিশের আছে, যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, পুলিশের বল প্রয়োগের আইনি অধিকার রয়েছে। তবে তা আইনি প্রক্রিয়ার মধ্যে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
আন্দোলন মোকাবিলায় সরকার আগের মতো দমন-পীড়নের পথে যেতে চায় না উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের পুলিশ আর কখনো হাসিনার পুলিশের মতো হবে না।” এ সময় তিনি বলেন, কথাটি তিনি একজন নাগরিক হিসেবে বলছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোথাও কোথাও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের ঘটনা দেখা গেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তাঁর ভাষ্য, অস্থিরতা মোকাবিলায় সরকার এমন ব্যবস্থা নিতে চায়, যাতে সাধারণ মানুষের ভয় ও ক্ষতি কম হয়। আন্দোলনকারীদের বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ায় শ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠেছে। তাঁদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রমিকদের আন্দোলনের মধ্যে অন্য কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে অন্যরা সেখানে ঢুকে এ ধরনের কাজ করছে।
ব/নি-ব/জ