নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যা চেষ্টা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফুট সড়কে আন্দোলনে অংশ নেন। সেখানে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হলো।