নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সদস্য পদেও জয় পেয়েছেন তাঁর প্যানেলের পাঁচ প্রার্থী। দীর্ঘ ৫১ বছর পর সরাসরি ভোটে ইউনিটটির কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলো।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ হয়। ইউনিটের ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোট দেন।
সাধারণ সম্পাদক পদে টিপুর প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টিপু।
টিপু-নবী প্যানেল থেকে নির্বাচিত পাঁচ সদস্য হলেন—নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির (২৭৫ ভোট), সিনিয়র আইনজীবী জাকির হোসেন (২৮১), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন (২১৮), নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৪) এবং সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯)।
১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর এবারই প্রথম সরাসরি ব্যালটে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলো। একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক ও পাঁচটি সদস্য পদে ভোট হয়।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত চার সদস্যের কমিশনে ছিলেন প্রফেসর বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন।
নতুন কমিটির কাছে ভোটারদের প্রত্যাশা, মানবিক সেবা, দুর্যোগকালীন সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আরও সক্রিয় ভূমিকা রাখবে।