নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টা থেকে মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মিরপুর-১০, ১১, ১২ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় ।
মেট্রোরেল পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ তিন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়।
ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিক্ষোভের কারণে মিরপুর-১০, ১১ ও ১৪ নম্বরসহ কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
ঘটনাস্থলে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের সড়ক ছাড়তে অনুরোধ করা হয়েছিল। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিতে হয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। তাঁর ভাষ্য, কেউ আহত হননি এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো গোষ্ঠী যুক্ত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মহিদুল ইসলাম। তাঁর দাবি, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানিয়ে সড়ক ছেড়ে কাজে ফেরার অনুরোধ করা হয়েছে।