নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
সুস্থ ও সুন্দর যুবসমাজ গড়ে তুলতে খেলার মাঠের বিকল্প নেই। সেই লক্ষ্য বাস্তবায়নে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে আধুনিক খেলার মাঠ নির্মাণে জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় মাঠ সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে জানান, বাবুপুরবাসীর নিজ উদ্যোগে খেলার মাঠের জন্য জমি কেনার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
প্রতিমন্ত্রী জানান, গ্রামবাসীর উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিদ্যমান মাঠের পাশে আরও জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে এলাকার শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ গড়ে তোলা সম্ভব হবে।
প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। দীর্ঘদিন ধরে সেখানে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। এ সমস্যা সমাধানে গ্রামের তরুণ ও উদ্যোক্তারা এগিয়ে আসেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় তারা নিজেদের উদ্যোগে মাঠের জন্য ৫৯ শতাংশ জমি কেনেন। পাশাপাশি জমির মালিক এক শতাংশ জমি বিনামূল্যে দান করেন।
গ্রামবাসীর এই ব্যতিক্রমী উদ্যোগের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের নীতিনির্ধারকদের নজরে আসে। এরপর মাঠটি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ সম্প্রসারণ ও উন্নয়নের জন্য প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার একটি সামগ্রিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাবুপুরের এই উদ্যোগ দেশের অন্যান্য গ্রামেও খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সরকারি সহযোগিতার মাধ্যমে সারা দেশে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ আরও বাড়বে।