মোঃ বিল্লাল হোসেন।শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করছেন। একই সঙ্গে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং রোগীদের সেবা দিতে সমস্যার মুখে পড়ছেন সংশ্লিষ্টরা।
বক্তারা আরও জানান, শুক্রবার দুপুরে রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন সহযোগী চিকিৎসা নেওয়ার অজুহাতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় তাঁরা চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়।
এসব ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মানববন্ধন থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।