নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাঁদের মধ্যে ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন ফেল করেছেন। দুই বিষয়ের এই সংখ্যা যোগ করলে দাঁড়ায় ৩ লাখ ৮২ হাজার ২১ জন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায়। চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা পরে ৯ সেপ্টেম্বর শেষ হয়।