নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বার্তার ধরন হবে: HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস এবং পরীক্ষার বছর। যেমন, ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা লিখবেন: HSC Dha 123456 2026।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা কার্যালয় থেকে ফলাফল পাওয়া যাবে না। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।