নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
সরকার পতনের আন্দোলনের ডাক দিলেও বিরোধীরা জনগণের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, “সরকার পতনের আন্দোলনেও এ দেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে না। কারণ, মানুষ আপনাদের বিশ্বাস করে না।”
বুধবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না, তারা ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাঁর দাবি, ছয় মাস আগেও বিরোধীদের ডাকে মানুষ সাড়া দেয়নি, এখনো দেবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। শেখ হাসিনার পতনের পরও একটি পক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন হতে না দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও নানা ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে সহায়তা করে। তাঁর মতে, এ টুর্নামেন্ট থেকে ভালো মানের ফুটবলার তৈরি হবে, যাঁরা জাতীয় পর্যায়ে খেলে মিরসরাইয়ের সুনাম বয়ে আনবেন।
মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৬২টি দল টুর্নামেন্টে অংশ নেয়। ওয়ার্ড পর্যায়ের খেলাগুলো উৎসবমুখর পরিবেশে শেষ হয়। ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
হিঙ্গুলী ইউনিয়ন পর্যায়ের ফাইনালে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বারইয়ারহাট পৌরসভা পর্যায়ের ফাইনালে ৫ ও ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ২-১ গোলে ১ ও ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জেতে।