নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁর অভিযোগ, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের গলায় থাকা কার্ডেও ছবি নেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, “যিনি এখানে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, তাঁর কার্ডে ছবি না থাকলে কীভাবে বুঝব তিনিই ওই ব্যক্তি? অন্য কেউও তো প্রক্সি দিতে পারেন। বিষয়টি খুবই উদ্বেগজনক। রিটার্নিং কর্মকর্তাকে জানাতে চাই, দ্রুত বিষয়টি দেখার অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় সুষ্ঠু ভোটের বিষয়টি সরকার, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ ও প্রশাসনের আন্তরিকতার ওপর নির্ভর করছে।
এ বিষয়ে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা সাকওয়াত হোসেন বলেন, “নির্বাচন কমিশন যেহেতু কার্ড দিয়েছে, তাতে ছবি থাকা দরকার। আপনারা নিশ্চিত হতে চাইলে ভোটার আইডি কার্ড দেখতে পারেন। কার্ডে ছবি নেই—আমি ছবি নিয়ে আসার চেষ্টা করছি।”