নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা আয়োজনের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে মেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের যুব মেলাটিও আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হবে।
মেলা স্থগিতের নির্দিষ্ট কারণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার সকালে গণপূর্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।