নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ। এ সময় মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তাঁরা পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে গণভোটের রায় বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আহ্বান জানান। পাশাপাশি পিলখানা ও শাপলা চত্বরসহ অতীতের বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।