মোঃ বিল্লাল হোসেন । শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালোমেশিন, পাইপ ও মাচা জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের মহারশি নদীর ফাঁকরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালোমেশিন জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও একটি মাচা ভেঙে দেওয়া হয়। এ সময় থানা-পুলিশ এবং উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বালু লুটপাট প্রতিরোধে সরকার মহারশি নদীর বালুমহালটি ইজারা দেওয়া বন্ধ রেখেছে। তবে এরপরও নদীর শালচুড়া ও ফাঁকরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।