নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা—অনুদান সংগ্রহের কথা জানিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। এ উদ্যোগে অংশ নেওয়া, অনুদান দেওয়া ও সমর্থন জানানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করে নুজুম স্পোর্টস। ব্রিটিশ ফুটবলে মুসলিম খেলোয়াড়দের অধিকার রক্ষায় তৈরি ‘মুসলিম অ্যাথলেট চার্টার’-এর জন্যও পরিচিত সংস্থাটি। বিভিন্ন দাতব্য উদ্যোগে হামজা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে দেওয়া পোস্টে হামজা জানান, সংগৃহীত অর্থ গাজার শিশুদের সহায়তায় কাজ করা ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থার কার্যক্রমে ব্যয় হবে। বিশেষ করে যেসব শিশুর জরুরি চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন, তাদের চিকিৎসা ও স্থানান্তরের কাজে পুরো অর্থ ব্যয় করা হবে।
আয়োজনটি বাস্তবায়নে সময় ও পরিশ্রমের জন্য নুজুম স্পোর্টসকে ধন্যবাদ জানিয়ে হামজা বলেন, অল্প সময়ে এত অর্থ সংগ্রহ করতে পেরে তিনি কৃতজ্ঞ। তবে গাজার মানুষের কষ্টের তুলনায় এ সহায়তা সামান্য বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়ে হামজা ফিলিস্তিনে শান্তি এবং সেখানকার মানুষের শক্তি ও ধৈর্য কামনা করেন।