বিশেষ প্রতিনিধি | আল আমিন হাসান
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামীল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোলায়মান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান লিটন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান।
পরে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, নিয়মিত হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন করেন।