নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক হত্যার শিকার হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার একটি বিলের পাশ থেকে তাঁর দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল স্লুইস গেট এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে হাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষা করতে তিনি ক্ষেত পাহারা দিচ্ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, ঘর নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠলেও এর সত্যতা নিশ্চিত হয়নি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, ধারালো অস্ত্র দিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।