নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সেগুলো নির্ধারিত ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সরঞ্জাম পরিবহনের সময় প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
সরঞ্জাম সংগ্রহ করতে আসা প্রিসাইডিং কর্মকর্তারা জানান, বুধবার সকালে তারা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। সরঞ্জাম বুঝে নেওয়ার পর তালিকা ও চেকলিস্টের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে নিজ নিজ কেন্দ্রে নিয়ে গিয়ে বুথ স্থাপনসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।
ঠাকুরগাঁওয়ের নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা তালিকা অনুযায়ী সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটের আগে নির্বাচনি সরঞ্জাম নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
পরে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন উল্লেখযোগ্য।
গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। পরে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়। বৃহস্পতিবারের ভোটের মধ্য দিয়ে এ আসনের নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে।