নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন (মহিলা-২৩)-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে অন্য কোনো প্রার্থী না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
একমাত্র প্রার্থী এলিজা জামান
নির্বাচন কমিশন (ইসি) জানায়, সংরক্ষিত নারী আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে এলিজা জামানই বর্তমানে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন।
আইনগত প্রক্রিয়া ও আপিল নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
যেভাবে শূন্য হয় আসনটি
রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল প্রকাশ করা হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে সংরক্ষিত নারী আসনটিতে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।