মোঃ বিল্লাল হোসেন | শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি এলাকা থেকে এসব সিরাপ উদ্ধার করে নওকুচি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা। ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নওকুচি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা হালচাটি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টনভর্তি সিরাপ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।