নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। এ অঞ্চলে একটি জেনারেল হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নের পাশাপাশি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি এখান থেকেও উন্নত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব বলে মানুষের মধ্যে যে আস্থা রয়েছে, তা ইতিবাচক।
তিনি আরও বলেন, হাসপাতালের সেবার মান বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
সভায় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সেবার মান উন্নয়ন এবং অনিয়মের অভিযোগ যাচাইয়ের জন্য স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন তিনি।
সমন্বয় সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ, রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মান, ওয়ার্ডের পরিবেশ, খাবারের মান এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, প্রবেশপথের সামনে অবৈধ দোকান উচ্ছেদ, অবকাঠামোগত সমস্যার সমাধান, টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ফরেনসিক বিভাগ চালু ও অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন।
এ ছাড়া সভায় চিকিৎসক, সাংবাদিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল।