নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছাকে বিয়ে করেছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় পারিবারিক পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন সুজাত শিমুল। তিনি জানান, পরিবারের স্বজনদের উপস্থিতিতে স্বল্প পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
তবে বিয়ের দেনমোহরের পরিমাণ নিয়ে বিশেষ আলোচনা তৈরি হয়েছে। সুজাত শিমুল ও জান্নাতুন নেছা দেনমোহর নির্ধারণ করেছেন মাত্র ৯৯৯ টাকা। ব্যতিক্রমী এই অঙ্ক বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে শিমুল জানান, জীবন ও বিয়ে নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি থেকেই সংখ্যাটি নির্ধারণ করেছেন তারা।
সুজাত শিমুলের ভাষ্য অনুযায়ী, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার মধ্য দিয়ে জীবনে নতুন পরিপূর্ণতা আসে। অন্যদিকে, দৈনন্দিন জীবনে বিপদ-আপদে সহায়তা পেতে ৯৯৯ নম্বরে ফোন করার বিষয়টি থেকেও ‘ট্রিপল নাইন’ ধারণাটি এসেছে।
এ ছাড়া ৯৯৯ সংখ্যাটির পরের ঘরে একটি শূন্যস্থান থাকার বিষয়টিও তাদের ভাবনায় প্রভাব ফেলেছে। শিমুলের মতে, মানুষের জীবন কখনো পুরোপুরি পরিপূর্ণ হয় না। এই দর্শন থেকেই ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন তারা।