
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে মার্কেট প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু হয়।
জানা যায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে গত ৩০ সেপ্টেম্বর থেকে মার্কেটটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বাবু। এ সময় জাকির, লিটন মোল্লা, জাফরসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা না হলে তারা সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বিক্ষোভ চলাকালে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তবে এ বিষয়ে মার্কেট মালিক সমিতি বা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।