নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
ইরানে আজ (রোববার) কোনো ধরনের হামলা চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শনিবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন, রোববার ইরানে হামলা হতে পারে। বাংলাদেশে রোববার পেরিয়ে সোমবার হলেও যুক্তরাষ্ট্রে তখনো রোববার চলছিল।
ট্রাম্পের নতুন করে হামলার ইঙ্গিত দেওয়ার পর যেকোনো সময় সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে এক সাংবাদিক তাঁর কাছে জানতে চান, ইরানে হামলা চালানো হবে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আপনাকে কী আমি এই কথা বলব?” পরে তিনি স্পষ্ট করে বলেন, “উত্তরটি হলো ‘না’। আজ কোনো হামলা হবে না।”
এদিকে ট্রাম্পের হুমকির পর ইরানও সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিল। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের হামলা না চালানোর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন পরিস্থিতির ইঙ্গিত দিলেও, দুই দেশের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে আঞ্চলিক পরিস্থিতির গতিপথ।