নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাত সাবেক মন্ত্রী-এমপি ও নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাদের মধ্যে মির্জা আজম, আমির হোসেন আমু ও শাজাহান খানসহ পাঁচজন প্রথমবারের মতো এ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রসিকিউশন থেকে এ তথ্য জানানো হয়। তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা সাবেক সাত মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছেন। প্রতিবেদনটি যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
তদন্ত সংস্থার প্রতিবেদনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা ও উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর মির্জা আজম, আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রথমবারের মতো এ মামলায় বিচারের মুখোমুখি হবেন। তবে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীপু মনি ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।