নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে চলে আসেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ইথিওপিয়ার তুলনায় বাংলাদেশ কোথায় চলে গেছে, তা দেখতে হবে। দেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের বড় নেতা হয়ে গেছেন। এ জন্য তিনি জনগণকে দায়ী করেন না। বরং সমাজব্যবস্থাকে দায়ী করে তিনি বলেন, ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সৎ মানুষের রাজনীতি করার পরিবেশও তৈরি করা যায়নি। তবে দেশ এভাবে থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। আগামী দিনে আল্লাহর রহমতে বাংলাদেশে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আয়নাঘরের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতনকেন্দ্রের বিষয়টি সামনে এসেছে। সেখানে বহু মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে এবং বিচারবহির্ভূতভাবে হত্যার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আওয়ামী লীগ প্রশাসন ও সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণের প্রতিবাদের মুখে দলটির পতন হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনা বড় গলায় বলেছিল, আওয়ামী লীগ পলায় না, এখন কোথায় তারা?”
নিজের সততার কথা তুলে ধরে স্পিকার বলেন, কেউ জমি বা বাড়িঘর দখল করলে কিংবা হয়রানি করলে প্রথমে স্থানীয় নেতাদের জানাতে হবে। নেতারাই এসব কাজে জড়িত থাকলে তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া তজুমদ্দিনে কোনো ধরনের অপকর্ম, মাস্তানি ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
স্পিকার জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে বর্তমানে সাধারণ সদস্য হিসেবে রয়েছেন এবং নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।