নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, রাজস্ব আয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা জোরদারে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্য সংকটের কারণে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বেড়ে অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। দৈনন্দিন খরচ মেটাতে অনেককে সঞ্চয় ভাঙতে হচ্ছে, এমনকি ঋণও নিতে হচ্ছে।
তিনি আরও বলেন, অর্থনীতির দুর্বলতার প্রভাব পড়েছে বিনিয়োগের ক্ষেত্রেও। একই সঙ্গে বেড়েছে বেকারত্ব। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের নির্বাচনী ইশতেহারে বিভিন্ন সংস্কার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম প্রধান লক্ষ্য।
রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পতিত সরকারের সময়ে রাজস্ব আয় তলানিতে পৌঁছেছিল। বর্তমান সরকার করের হার না বাড়িয়েই রাজস্ব আয় বাড়াতে চায়। পাশাপাশি মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের সুরক্ষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতির কারণে যাতে মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে না যায়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। তাঁর দাবি, আইএমএফের তথ্যের একটি মৌলিক দিক এড়িয়ে যাওয়া হচ্ছে। সংস্কার না করা হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে—এ বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।