নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনেই আগামীকাল বৃষ্টি হবে কি না, তা জানার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া কৃষকদের জন্য এ কার্ডে প্রায় ১০ ধরনের সুবিধা রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এ বিশ্বাস থেকেই কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ বা কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে।
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহে সহায়তা করা হবে।
তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ফসলের বিমা করা এবং ব্যাংকঋণ গ্রহণের সুবিধাও পাওয়া যাবে।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনে বৃষ্টির পূর্বাভাস জানতে পারলে কৃষকরা আবহাওয়া বুঝে বীজ বপন ও সার প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। কৃষকদের সুবিধার্থে এ কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।