নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন দুর্ঘটনায় ১৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। অন্য নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয় এবং অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে এক শিশু নাটোর সদর হাসপাতালে মারা যায়। এ ছাড়া অন্য হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।