
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। এ ছাড়া হামলার পর থেকে ১৪ জন নিখোঁজ রয়েছেন।
প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শাবওয়া প্রদেশের আল-আলম প্রশিক্ষণ শিবিরে এ হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ মহড়া চলাকালে হাউছিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
এদিকে, হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, তাঁদের লক্ষ্যবস্তু ছিল ওই প্রশিক্ষণ শিবিরটি। তাঁর দাবি, শিবিরটি সৌদি বাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল।
গত সেপ্টেম্বর মাসে বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি এলাকাগুলোর দিকে হাউছিদের অগ্রসর হওয়ার পর থেকে তাদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সংঘাত বেড়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনী ও হাউছিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।