নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন খবর প্রকাশিত হলেও এ দাবি অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এর আগে, শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানের একটি ভিডিও তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওতে তাঁকে অস্ত্র উঁচিয়ে অভিযানে অংশ নিতে দেখা যায়। এরপর ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর প্রেস কর্মকর্তা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, সরকারের উচ্চপর্যায় থেকে ইশরাক হোসেনকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত অবস্থা আরও স্পষ্ট হবে।